মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় রোববার (১ অক্টোবর) সকাল ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট-পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রোববার সন্ধ্যায় এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি সাংবাদিকদের জানান, অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত নৌকা ও অভিযুক্ত পাচারকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সাব্বির আলম সুজন।



