ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার নাটোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে নূরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয় এবং ওইদিনই তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষ হওয়ায় গত শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।
এরপর তদন্তের প্রয়োজনে পুলিশ পুনরায় রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এই হত্যা মামলায় এ পর্যন্ত আরও দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি জানায়, মামলার তদন্তের স্বার্থে অনেক তথ্যই এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে হত্যাকাণ্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সূত্র পাওয়া গেছে।
গত ১৪ অক্টোবর গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হামলায় গুরুতর আহত হন। দীর্ঘ ১২ দিন পর ২৬ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
হামলার ঘটনায় গত ১৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন শাকিলের বাবা। পরে শাকিল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এ ঘটনার পর এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি সামনে আসে।
এদিকে, শাকিল হত্যা ও অন্যান্য সমসাময়িক বিষয়ে গত শুক্রবার জেলা বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সংসদ সদস্য আবদুল আজিজকে দল থেকে বহিষ্কার করার এখতিয়ার জেলা বিএনপির নেই। এ বিষয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য আবদুল আজিজ দাবি করেন, তিনি ও তার পরিবার এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
এই ঘটনাকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করে তিনি বলেন, সত্য একদিন আলোয় আসবে।



