সারা দেশের ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বিলুপ্ত করতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার চর ফ্যাশন করমতিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডিসংক্রান্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতাও স্থগিত করেছেন আদালত।
রুলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে, ওই প্রজ্ঞাপনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না।
চর ফ্যাশন করমতিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আইনজীবী মো. পারভেজ হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এ আদেশ ও রুল দেন।
আইনজীবী পারভেজ হোসেন নিজেই রিট আবেদনটি আদালতে উপস্থাপন করেন।
তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
গত ১৯ অক্টোবর অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি কমিটি বাতিল করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ কে মুহাম্মদ নুরুল ইসলামের সই করা এক অফিস আদেশে বলা হয়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ আদেশ দেওয়া হয়েছে।
আদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় তৃতীয় সংবিধি, ২০২৩ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের বিষয়টিও উল্লেখ করা হয়।
আদেশ অনুযায়ী, জেলা সদরে অবস্থিত মাদ্রাসাগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অবস্থিত মাদ্রাসাগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসকরা অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতে জেলা পর্যায়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কমিটির শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনীত করার কথাও বলা হয়েছে।
মাদ্রাসাগুলোকে নির্ধারিত ছকে যত দ্রুত সম্ভব অ্যাডহক কমিটি অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাতেও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়।



