স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সব পর্যায়ের কর্মকর্তাকে অফিসিয়াল সিম সার্বক্ষণিক সচল রাখার পাশাপাশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ অক্টোবর এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে কর্মকর্তাদের অফিসিয়াল সিম সরবরাহ করা হয়েছে। নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানে এসব সিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া জেলা, অঞ্চল ও বিভাগীয় পর্যায়ে লোকেশনভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তাদের উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
আদেশে আরও বলা হয়, অফিসিয়াল সিম বন্ধ থাকলে এসব কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। এ কারণে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সিমগুলো সার্বক্ষণিক সচল রাখতে হবে। প্রয়োজনে স্মার্ট সিম বা ই-সিম সুবিধাসম্পন্ন মোবাইল ফোন ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।
বন্ধ হয়ে যাওয়া সিম চালু করা ও ওটিপি যাচাইসংক্রান্ত প্রয়োজনে অনুমোদিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে অফিসের প্রয়োজনে সিনিয়র সহকারী প্রকৌশলী (আইসিটি) ০১৩২১৮৪১১৬১ নম্বরে এবং সেবাদাতার প্রয়োজনে সিস্টেম অ্যানালিস্ট (আইসিটি ইউনিট) ০১৭০৬২১২৭১০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
আদেশে এলজিইডির সব পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তাকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।



