পঞ্চগড়ের বোদা উপজেলায় এবার বিরল প্রজাতির অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাধারণত এই প্রজাতির সাপের শরীর বাদামি ও কালচে ছোপযুক্ত হলেও উদ্ধার হওয়া সাপটির গায়ের রং একেবারেই ব্যতিক্রমী হলদেটে সাদা।
বন্যপ্রাণী গবেষক ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অ্যালবিনিজম নামক বিশেষ জন্মগত জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির এমন রূপান্তর ঘটেছে।
সোমবার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী সংস্থা ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্ধারকারী শহিদুল ইসলাম।
উদ্ধার হওয়া সাপটি সাধারণ মানুষের কাছে জলঢোঁড়া এবং বিজ্ঞানীদের কাছে চেকার্ড কিলব্যাক নামে পরিচিত।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, এটি সম্পূর্ণ নির্বিষ ও মানুষের জন্য নিরীহ একটি প্রজাতি।
প্রাণীবিদদের মতে, অ্যালবিনিজম কোনো রোগ নয় বা আলাদা প্রজাতি নয়। এটি মূলত জন্মগত জিনগত অবস্থা। এই বৈশিষ্ট্যের কারণে প্রাণীর শরীরে রং তৈরির উপাদান মেলানিন তৈরি বন্ধ হয়ে যায়। ফলে ত্বকের স্বাভাবিক রং হারিয়ে প্রাণীটি ধবধবে সাদা বা হলদেটে বর্ণ ধারণ করে। অনেক সময় এদের চোখের মণিও লালচে বা ভিন্ন রঙের হতে পারে।
প্রকৃতিতে এ ধরনের অ্যালবিনো সাপ দেখার ঘটনা বিরল। এ ব্যাপারে উদ্ধারকারী শহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত জলঢোঁড়া সাপটি সম্পূর্ণ নির্বিষ হলেও এর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সাপটির শারীরিক সুস্থতা ও খোলস পরিবর্তনের পর কোনো ধরনের পরিবর্তন আসে কিনা, তা নিশ্চিত হতে আমরা এটিকে কিছুদিন পর্যবেক্ষণে রেখেছি। পুরোপুরি সুস্থ হলে এটিকে আবারও অবমুক্ত করা হবে।



