কুমিল্লার বরুড়ায় শীর্ষ ডাকাত সর্দার ২৭টি মামলার আসামি মনির হোসেন ওরফে মইন্যা ডাকাত এবং তার ছেলে ৫ মামলার আসামি মাঈন উদ্দিন ওরফে শুভকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার মনির হোসেন (৬২) উপজেলার ভঙ্গুয়া গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।
পুলিশ জানায়, মইন্যার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চারটি জিআর গ্রেফতারি পরোয়ানা এবং পাঁচ বছরের সাজা পরোয়ানাও রয়েছে।
অন্যদিকে তার ছেলে মাঈন উদ্দিন ওরফে শুভর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।
দীর্ঘদিন যাবত পুলিশ এই বাবা-ছেলেকে হন্যে হয়ে খুঁজছিল।
বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, শীর্ষ ডাকাত সর্দার মনির হোসেন ওরফে মইন্যাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক ও ছিনতাইয়ের ২৭টি মামলা রয়েছে। একই সময় তার ছেলেকেও গ্রেফতার করা হয়েছে। তার ছেলের নামে ৫টি মামলা রয়েছে।



