শ্রমিকদের বিক্ষোভের জেরে শিল্পাঞ্চল আশুলিয়া, সাভার ও গাজীপুরে অন্তত ১৯ কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাভার-আশুলিয়ার ১৫টির বেশি কারখানায় কাজ না করে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
অপরদিকে, গাজীপুরের ভোগড়া বাইপাসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকদের একটি অংশ।
আজ মঙ্গলবার সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, 'আজ সকালে গাজীপুরে ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে গতকাল সোমবার ১৫০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।'
সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, ৩০-৪০ জন সড়ক অবরোধের চেষ্টা করছেন। এসময় তাঁদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়।
তবে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জয়দেবপুর এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন।
কালিয়াকৈর এলাকায় সকাল ৯টা পর্যন্ত কোনো বিক্ষোভ দেখা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া জানান, সকালে সাভার-আশুলিয়ার ৪টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং ১৫টির বেশি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তবে, পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু সাংবাদিকদের বলেন, 'আশুলিয়ার নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বের হয়ে গেছেন।'
শ্রমিক অসন্তোষ, কারখানা ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সাভার ও আশুলিয়ায় এখন পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
এর মধ্যে সাভার থানা পুলিশ ৯ জনকে আটক করেছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের ঘটনায় আশুলিয়া থানায় মোট ৪ জনকে আটক করা হয়েছে।



