বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি ম্যারাথনে ফিনিশ লাইনের মাত্র দুই মাইল দূরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ম্যারাথন অ্যাথলেট র‍্যাচেল অ্যাপা।

সেন্ট্রাল পার্কের কাছ থেকে এই ২৪ বছর বয়সী সাবেক কলেজ অ্যাথলেটকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সম্পূর্ণ সুস্থ ও চমৎকার শারীরিক গঠনের অধিকারী এই তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত রবিবার ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে রেসের শেষ প্রান্তে এসে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান র‍্যাচেল।

দৌড়ানো অবস্থায় র‍্যাচেল যখন রাস্তায় পড়ে যান, তখন রেস দেখতে আসা মিশেলা নিকোলাস নামের এক হাসপাতাল সোশ্যাল ওয়ার্কার দ্রুত তার সাহায্যে এগিয়ে যান।

মিশেলা জানান, তিনি র‍্যাচেলের স্পন্ধন পাচ্ছিলেন না। এরপর সেখানে উপস্থিত দর্শকদের মধ্য থেকে দুজন চিকিৎসক দ্রুত এগিয়ে আসেন এবং অ্যাম্বুল্যান্স আসার আগ পর্যন্ত পালাক্রমে র‍্যাচেলকে সিপিআর দিতে থাকেন।

কিছুক্ষণ পর ম্যারাথনের নিজস্ব মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে পৌঁছায় এবং দ্রুত মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা টানা ছয় ঘণ্টা লড়াই করার পর রাত ৯টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাচেলের বাবা স্টিভ অ্যাপা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, চিকিৎসকদের মতে র‍্যাচেলের মৃত্যুর কারণ ছিল ‘র‍্যাবডোমায়োলাইসিস’। এটি একটি বিরল ও মারাত্মক শারীরিক অবস্থা, যেখানে অতিরিক্ত পরিশ্রমের কারণে মাংসপেশি দ্রুত ভেঙে রক্তে ক্ষতিকর উপাদান ছড়িয়ে দেয়।

কান্নাজড়িত কণ্ঠে স্টিভ অ্যাপা বলেন, ‘এটি ভাবাই যায় না। মাত্র ২৪ বছর বয়স, সম্পূর্ণ সুস্থ শরীর এবং নিখুঁত ফিটনেস ছিল ওর।’ পেনসিলভেনিয়ার বাসিন্দা র‍্যাচেল বাকনেল ইউনিভার্সিটির একজন সাবেক ডিভিশন-১ ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন।

এটি ছিল তার জীবনের প্রথম ম্যারাথন। ২০২২ সালে পার্কিনসন্স রোগে মারা যাওয়া তার প্রিয় দাদার স্মরণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তিনি এই রেসে অংশ নিয়েছিলেন।

মৃত্যুর আগে রেসের ২৪ নম্বর মাইলে পৌঁছানোর পর তিনি তার বাবাকে শেষ টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল— ‘ফাইনাল স্ট্রেচ’ (শেষ মুহূর্ত)। কিন্তু সেই ফিনিশ লাইন আর স্পর্শ করা হলো না র‍্যাচেলের।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ