নেত্রকোনায় ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালানোর অভিযোগে মো. এএসএম সায়েম ওরফে অভি (৩৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫০০ টাকা, একটি মোটরসাইকেল ও মাদক কারবারে ব্যবহৃত একাধিক মোবাইল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নেত্রকোণা মডেল থানা-পুলিশ।
গ্রেফতার সায়েম নেত্রকোনা সদর উপজেলার বনোয়াপাড়া নেওয়াজনগর এলাকার নুরুল হকের ছেলে। তিনি বনোয়াপাড়া বাসস্ট্যান্ডে ‘সাফা ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার সায়েমের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫০০ টাকা, একটি মোটরসাইকেল ও মাদক কারবারে ব্যবহৃত একাধিক মোবাইল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় আরও কয়েকজন পালিয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওষুধের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন অভি। তার বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগ রয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






