মাদারীপুরের রাজৈরে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সুজন মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ইসলাম মাইসা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী এলাকার হাবিবুর রহমান সেজালের মেয়ে এবং অভিযুক্ত স্বামী সুজন রাজৈরের কবিরাজপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণদী গ্রামের আব্দুর রব মুন্সির ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌদি প্রবাসী সুজন মুন্সির সঙ্গে পারিবারিকভাবে জান্নাতুলের বিয়ে হয়। এরপরও সুজন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ শুরু হয়। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার মারধর করেন সুজন। একপর্যায়ে বুধবার বিকালে জান্নাতুলকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ তার পরিবারের।
পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে নিহতের লাশ রেখে পরিবারকে খবর দেন সুজন। এ সময় শরীরে আঘাতের চিহ্ন দেখে রাজৈর থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতাল থেকে সুজনকে আটক করে পুলিশ। নিহত জান্নাতুল দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
মাদারীপুরের রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।






