বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১:১৯ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১:১৯ পিএম
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

২৭ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শুরুটা যে ইঙ্গিত দিচ্ছিল সেটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তাসকিন আহমেদের জোড়া এবং হাসান মাহমুদের এক আঘাতের পর চতুর্থ উইকেটে ৫৯ রানের জুটি গড়েছে ক্যারিবীয়রা। ফলে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ওভারেই সুযোগ হারায়। স্লিপে ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। তবে দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে শুরুতেই জোড়া সাফল্য এনে দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

এরপর দলীয় ২৭ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সাদমান সেকেন্ড স্লিপে জশুয়া ডি সিলভা সহজ ক্যাচ ছেড়েছিলেন। তবে ব্রেকথ্রু পেতে বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম ডেলিভারি ছিল ফুলার লেন্থে, যা মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছেন কিং। কিন্তু বল বাঁক খেয়ে তাকে ফাঁকি দিয়ে ভেঙেছে দুটি স্টাম্প। ১৮ বলে ৯ রান করেই ফিরলেন কিং।

১৩ রানে কিংয়ের পর ১ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা হজও ফিরেছেন প্রায় একইভাবে। পরের ওভারে তার জন্য হাসানের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে যায়। তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে এক বলের ব্যবধানে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই বল স্কিড করে তার মিডল স্টাম্পের বেলে আঘাত করে। ১ রানেই থামলেন হজ।

শুরুতে লাইফ পাওয়া ডি সিলভাও বেশিদূর আগাতে পারলেন না। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১২ রানে ফেরালেন তাসকিন। শরিফুল ইসলামের জায়গায় তিনি এই ম্যাচের একাদশে ঢুকেই দারুণ প্রভাব রাখছেন। যদিও টানা বল করে তাকে গরম ও ক্লান্তিতে ভুগতে দেখা গেছে। সিলেটের কন্ডিশনে সাধারণত তিন পেসার নিয়ে নামতে দেখা গেলেও ক্যারিবীয়দের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নেমেছে।

এদিকে, দ্রুত তিন উইকেট হারালেও উইন্ডিজ ব্যাটিংয়ের হাল ধরেছেন অভিষিক্ত ব্যাটার কেভিন উইকহ্যাম ও আমির জাঙ্গু। দারুণ বোঝাপড়ায় তারা এখন পর্যন্ত ১০৪ বলে ৫৯ রানের জুটি গড়েছেন। বেশ দ্রুততার সঙ্গে রানও তুলছে এই জুটি। প্রথম সেশনের বিরতিতে যাওয়ার আগে জাঙ্গু ৫৪ বলে ৩২ এবং উইকহ্যাম ৬০ বলে ২৭ রানে অপরাজিত আছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ