ভারতের বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত অভিনীত সিনেমা ‘জেলার ২’ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন ইতিহাস গড়েছে। নেলসন দিলীপকুমার নির্মিত এ সিনেমার বৈশ্বিক আয় ইতোমধ্যে ছাড়িয়েছে ৮০০ কোটি রুপি, যা তামিল সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। রজনীকান্ত অভিনীত এ সিনেমাটি এখনো রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে।
এখন প্রশ্ন হচ্ছে—সিনেমাটির শিল্পীরা কে কত পারিশ্রমিক পেয়েছেন? যদিও গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেলার ২’ সিনেমার জন্য রজনীকান্ত একাই নাকি নিয়েছেন ১১০ কোটি রুপি। শুধু তাই নয়, সিনেমার লাভের একটি অংশও তিনি পাবেন— এমনই নাকি চুক্তি হয়েছে। সে ক্ষেত্রে সিনেমাটি থেকে তার আয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ১৮০ কোটি রুপিতে।
এদিকে ‘জেলার ২’ সিনেমার মাধ্যমে আবার ম্যাথিউ গ্যাংস্টারের চরিত্রে ফিরেছেন মালয়ালম তারকা মোহনলাল। এ সিনেমার জন্য ৩০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। ছবিটিতে অতিথি চরিত্রে ছিলেন বলিউড তারকা হৃতিক রোশন। অল্প সময়ের উপস্থিতির জন্য তিনি পেয়েছেন ২৫ কোটি রুপি।
অন্যদিকে, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সম্মানী ১৫ কোটি রুপিরও বেশি। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউড তারকা বিদ্যা বালান। তাকে দেওয়া হয়েছে ৬ কোটি রুপি। এস জে সুরিয়ার পারিশ্রমিক ৩ থেকে ১০ কোটি রুপির মধ্যে, সুরাজ ভেঞ্জামুডুর নিয়েছেন ১ কোটি রুপি। এ ছাড়া সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর পেয়েছেন ২০ কোটি রুপি । যদিও এসব পারিশ্রমিকের অংক আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন গণমাধ্যমে ঘনিষ্ঠ সূত্রের বরাতে এসব তথ্য সামনে এসেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়াল ‘জেলার ২’। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জেলার ২’ সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি রুপির কাছাকাছি। এর মধ্যে সর্বোচ্চ আয় করে ফেলেছে সিনেমাটি।






