দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার গতানুগতিক ধারায় পরিচালিত হচ্ছে না। দেশে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন এসেছে, যার উজ্জ্বল প্রমাণ ঠাকুরগাঁওয়ের নির্বাচন। অতীতে রাতের ভোটের সংস্কৃতি থাকলেও এখন সেই ধারা পাল্টে গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে অপরাধপ্রবণতা, অপশাসন, অপসংস্কৃতি এবং সর্বগ্রাসী অব্যবস্থাপনা তৈরি হয়। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি।
এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী কঠোর নির্দেশ দিয়ে বলেন, আপনারা যার যার মন্ত্রণালয় ও দপ্তরের আওতাধীন দায়িত্বগুলো সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করবেন। জনগণের সেবায় কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল হক।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





