শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, বাদ পড়ল জয় বাংলাসহ জাতীয় চার নেতার নাম

কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, বাদ পড়ল জয় বাংলাসহ জাতীয় চার নেতার নাম...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৪:৩৮ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৪:৩৮ পিএম
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন, বাদ পড়ল জয় বাংলাসহ জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে।

এ ছাড়া, ‘বিসিজিএস জয় বাংলা’ নামের একটি জাহাজের নাম বদলে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাহিনীর পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের তালিকায় থাকা জাহাজগুলোর মধ্যে পিসি ২০৮ নম্বর জাহাজটির বর্তমান নাম ‘বিসিজিএস জয় বাংলা’। এর নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

অন্য চারটি জাহাজের মধ্যে পিএল ৭১ নম্বর জাহাজটির বর্তমান নাম ‘বিসিজিএস সৈয়দ নজরুল’। এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

পিএল ৭২ নম্বর জাহাজ ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। পিএল ৭৩ নম্বর জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হাফিজুর কবীর’।

এ ছাড়া, পিএল ৭৪ নম্বর জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

চিঠিতে আরও বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মারজিনা হোসেন।

তবে জাহাজগুলোর নাম পরিবর্তনের কারণ কিংবা নতুন নাম নির্বাচনের ভিত্তি সম্পর্কে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ