মাদক, গেমিং ও ক্যাসিনোর আসক্তি থেকে তরুণ ও যুবসমাজকে ফিরিয়ে আনতে স্কাউটিং কার্যক্রমকে একটি কার্যকর ও শক্তিশালী হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার মতে, শিশুকাল থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠার সুযোগ পেলে নতুন প্রজন্ম নিজেদের সঠিক পথে গড়ে তুলতে পারবে এবং একই সঙ্গে যেকোনো দুর্যোগ মোকাবিলায় দক্ষ হয়ে উঠবে।
শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চলের তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সমাজের তরুণ ও যুবসমাজের একটি বড় অংশ মাদকাসক্তি এবং অনলাইন গেমিং ও ক্যাসিনোর মতো ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে পড়ছে। যুবসমাজকে এই অবক্ষয় থেকে রক্ষা করতে হবে। আর এক্ষেত্রে স্কাউটিংয়ের মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব।
শিশুদের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে আসাদুল হাবিব দুলু বলেন, ছোটবেলা থেকেই শৃঙ্খল পরিবেশে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে গড়ে উঠবে। সমাজের বিভিন্ন অনিয়ম, কলুষতা ও বৈষম্য থেকেও তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হবে।
দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রস্তুত করা হবে, যাতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় তারা মানুষের সহায়তায় দ্রুত এগিয়ে আসতে পারে। এছাড়া আগাম সতর্কবার্তা প্রচার এবং সাধারণ মানুষকে সচেতন করার কাজেও স্কাউটদের সম্পৃক্ত করা হবে।
অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ডা. মো. আব্দুস সালাম ও মো. জাহিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. আবু আউয়াল, দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ স্কাউটিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।






