ব্রাজিলের ক্লাব সান্তোস নেইমারের বাবাকে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা করেছে। ৬১ বছর বয়সী নেইমার সিনিয়রের চুক্তি প্রাথমিকভাবে চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত।
চুক্তিতে একটি বিশেষ শর্ত আছে। আগামী মাসের ক্লাব নির্বাচনে বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরা জিতলে চুক্তি নিজে থেকেই নবায়ন হবে। তখন নেইমার সিনিয়র ২০২৭ থেকে ২০২৯ মেয়াদেও সিইও থাকবেন।
খবরটি প্রথম প্রকাশ করেন সাংবাদিক লুকাস মুসেত্তি। পরে ইএসপিএন ব্রাসিল তা নিশ্চিত করে। নতুন পদে নেইমার সিনিয়র থাকবেন সভাপতি তেইশেইরার ঠিক নিচে।
ক্লাবের ভেতরে একে বর্তমান কমিটির প্রতি নেইমার-পরিবারের স্পষ্ট সমর্থন হিসেবে দেখা হচ্ছে। যদিও ১২ ডিসেম্বরের ভোটে তেইশেইরা প্রার্থী হওয়ার কথা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি।
এত বড় পদ পেলেও নেইমার সিনিয়র ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাত্তোসের কাজে হাত দেবেন না। খেলার সব বিষয় আগের মতোই মাত্তোসের হাতে থাকবে।
শুক্রবার বিকেলে ক্লাব আনুষ্ঠানিক বিবৃতি দেয়। তাতে বলা হয়, ‘নেইমার সিনিয়র ক্লাবের ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি কাজ করবেন। তিনি ফুটবল, মার্কেটিং ও নতুন ব্যবসার উদ্যোগসহ বিভিন্ন বিভাগের তদারকি ও সমন্বয়ে অংশ নেবেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সিইওর দায়িত্বের পাশাপাশি নেইমার সিনিয়র ইনস্তিতুতো মেনিনোস দা ভিলার সভাপতিও হবেন। এই প্রতিষ্ঠান নতুন প্রতিভা খুঁজে বের করবে এবং ক্লাবের কিংবদন্তিদের সঙ্গে যোগাযোগ গড়বে।
এই পদে বসার আগেই ক্লাবের সঙ্গে তার আর্থিক সম্পর্ক গড়ে উঠেছিল। তার এজেন্সির নাম এনআর স্পোর্টস। এই প্রতিষ্ঠান সম্প্রতি সান্তোসকে এক কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রেইস দিয়েছে। টাকার অঙ্ক প্রায় ১৬ লাখ পাউন্ড বা ২১ লাখ ডলার। এই টাকায় সান্তোস ফরাসি ক্লাব মোনাকোর পুরোনো ঋণ শোধ করে। ফলে ফিফার নিষেধাজ্ঞাও উঠে যায়।
বিনিময়ে ক্লাব জার্সির স্পনসর বসানোর জায়গা ছেড়ে দিয়েছে। সেই জায়গা পরে বাজারে বিক্রি হয়েছে। এনআর স্পোর্টস ও অন্য কিছু প্রতিষ্ঠান আরেকটি কাজেও টাকা দিচ্ছে। ভিলা বেলমিরো ও অনুশীলন মাঠের তিনটি পিচ নতুন করা হবে। এর মোট খরচ এক কোটি ৩৫ লাখ রেইস। প্রতিটি পিচের খরচ ৪৫ লাখ রেইস।
পিচের কাজ করবে প্রতিষ্ঠান ওয়ার্ল্ড স্পোর্টস। তারা ২০ নভেম্বর প্রথম অনুশীলন মাঠের কাজ শুরু করার অনুমতি পেয়েছে। এর মধ্যে প্রথম দল ব্রাজিলিয়ান লিগের শেষ দিকের ম্যাচগুলো খেলবে। নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর সান্তোস ১৮ নভেম্বর কোরিতিবার মাঠে খেলতে নামবে।
এখন সবার নজর ১২ ডিসেম্বরের ভোটের দিকে। সেই ভোটেই ঠিক হবে নেইমার সিনিয়র ২০২৯ সাল পর্যন্ত থাকবেন কি না।






