সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।
আজ রোববার ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
নোটিশে আদালত প্রাঙ্গনে সংঘটিত দুটি ঘটনার জন্য আগামী ৭ দিনের মধ্যে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের কপি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি গত ৫ নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান। সেদিন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমণির সঙ্গে সাংবাদিকরা ছবি তুলতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
সে সময় পরীমণিসংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন। ভিডিওধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড পরীমণির নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন। ধাক্কাধাক্কিতে আরও কয়েকজন সাংবাদিক আহত হন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, পরে আদালত থেকে বের হয়ে পরিমণি সাংবাদিক রবিউলের দিকে তেড়ে গিয়ে তাকে গালাগালি করেন ও হত্যার হুমকি দেন।
আইনি নোটিশে বলা হয়, পরীমণি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ নভেম্বর জাতীয় সংগীতের সুরসহ গালাগালিযুক্ত একটি পোস্ট করেন।
এসব কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চাইলে পরিমণির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনজীবী হাসান শাহরিয়ার।






