‘মিস ইউনভার্স বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামিরা খান মাহি।
ছোটপর্দার গ্ল্যামার আর ওটিটির পথচলা পেরিয়ে এবার আন্তর্জাতিক গণ্ডিতে পা রাখতে যাচ্ছেন বাংলা নাটকের নিয়মিত মুখ সামিরা খান মাহি। বিশ্বমঞ্চের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে বিশ্বদরবারে তুলে ধরবেন তিনি।
গত শনিবার (৭ নভেম্বর) রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মাহির নাম। পরদিন রোববারই (৮ নভেম্বর) প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।
তবে এই মুকুট পরার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। প্রশ্ন উঠেছে, নাটকের পরিচিত মুখ হয়ে হঠাৎ এমন একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখানো কতটা যৌক্তিক?
সমালোচকদের মুখে ছাই দিয়ে আত্মবিশ্বাসী মাহি সাফ জানিয়ে দিয়েছেন তার অবস্থান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তাবটি যখন আসে, প্রথমে দ্বিধায় ছিলাম যে যাওয়া ঠিক হবে কিনা। পরে মনে হলো, একজন অভিনেত্রী ও মডেল হয়ে যদি দেশের হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে না পারি, তবে শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।
এদিকে আন্তর্জাতিক এই মঞ্চের লড়াইয়ে নামার আগে মাহির বড় ভরসার জায়গা তার বন্ধু—গত বছরের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। বাস্তব জীবনের এই বন্ধু জুটি এখন এক টেবিলে। নিজের অতীতের সব অভিজ্ঞতা উজাড় করে মাহিকে সেরা হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন মিথিলা নিজেই। বন্ধুকে নিয়ে দারুণ আশাবাদীও তিনি।
আন্তর্জাতিক মঞ্চে দেশের সংস্কৃতি তুলে ধরার এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহি। তিনি বলেন, ‘আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দেশের পতাকাকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে।
উল্লেখ্য, শোবিজে মাহির পথচলা শুরু হয়েছিল মডেলিংয়ের হাত ধরেই। ফ্যাশন শো, র্যাম্প ওয়াক আর নান্দনিক বিজ্ঞাপনচিত্রের পরিচিত মুখ থেকে নাটকের সফল অভিনেত্রী—এবার তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক গৌরবের এক নতুন পালক।
ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।






