ঝালকাঠির নলছিটিতে ওয়ারেন্টভুক্ত আসামি দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলায় ৪৫ জন নামীয় ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- জাহাঙ্গীর মৃধার ছেলে রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মজিবুর রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), নূর মোহাম্মদের ছেলে সেলিনা বেগম (৫৫), মজিদ হাওলাদারের সোহেল হাওলাদার (২৭), মৃত মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা এবং মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮)। গ্রেফতার আসামিরা দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এবং মূল আসামিসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও তার স্বজনরা। তাদের হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।






