বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

লালমনিরহাটে ‘বিরোধ মেটাতে গিয়ে’ হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ২

লালমনিরহাটে ‘বিরোধ মেটাতে গিয়ে’ হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ২...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
লালমনিরহাটে ‘বিরোধ মেটাতে গিয়ে’ হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ২

লালমনিরহাট সদর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে বিরোধ মেটাতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদসংবাদমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, সদর থানার উপপরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন ইসলাম, লিটন মিয়া ও কনস্টেবল শাহনাজ আক্তার।

পুলিশ জানিয়েছে, ৯৯৯ থেকে গত রাতে ফোন আসে উপজেলার আমতলা এলাকায় দুইপক্ষ বিরোধে জড়িয়েছে। সেই তথ্য পেয়ে পুলিশ সদস্যরা গিয়েছিলেন।

ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন, কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত রিকশা বড়বাড়ীর দিকে আসছিল। পথে পাঁচ ব্যক্তি রিকশার গতি রোধ করে। এ সময় রিকশাচালকের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা, পরবর্তীতে মারামারি শুরু হয়। চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিকশাচালক এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামে এক যুবককে আটক করেন। বাকি চারজন পালিয়ে যান। সেখান থেকেই নম্বরে ফোন করে সহযোগিতা চাওয়া হয়, জানায় পুলিশ।

সূত্র জানিয়েছে, সদর থানা পুলিশ এরশাদুল হক ও রফিকুল ইসলামকে হেফাজতে নিলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তাদের দাবি, বিষয়টি নিজেরাই মীমাংসা করবে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালান। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত পাঁচ পুলিশ সদস্য রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে। তার বাবা মৃত শওকত আলী। এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

কী নিয়ে দুপক্ষ বিরোধে জড়িয়ে ছিল তা জানাতে পারেনি পুলিশ। সাদ আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

‘আমরা জানতে পেরেছি, পালিয়ে যাওয়া চারজনের বাড়ি সদর উপজেলার বড়বাড়ী এলাকায়। তাদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে,’ যোগ করেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ