ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বুধবার ভোররাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী সাংবাদিকদের জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। পরে ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর স্টেশন ছেড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শান্টিংয়ের সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে জংশনের কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখাউড়া আরএনবি ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে আটক করেন।






