ঢাকার এক আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন দায়রা জজ আদালত-১ এ ঘটনা ঘটে।
আদালতের লকআপের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রিপন মোল্লাসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'আদালতের কাঠগড়ায় থাকা অবস্থায় আসামি কাউসার মিয়া হাতকড়া খুলে পালিয়ে যান।'
'আসামিকে নিয়ে আসা কনস্টেবল যখন আদালতের এক কর্মীর কাছে কাস্টডি ওয়ারেন্ট জমা দিতে যান, তখনই এ ঘটনা ঘটে,' বলেন তিনি।
আদালতের নথি অনুযায়ী, কাউসার মিয়া (১৯) ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখানে ১৭ বছর বয়সী পোশাক শ্রমিক আলো আক্তারকে হত্যার ঘটনায় করা মামলার আসামি।
এসআই রিপন জানান, আজ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করার তারিখ নির্ধারণ ছিল।






