বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিবলু আহমেদ সাংবাদিকদের বলেন, পুলিশের গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলায় বড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ সাংবাদিকদের বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছেন। আশা করছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা মোকাবিলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ