এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটিকে (এনএসইউ) ৭ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি।
এই জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও নিশ্চিত করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। ফলে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করতে হয়নি তাদের।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টায় বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এনএসইউ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে তারা।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে নেয় সোনারগাঁও ইউনিভার্সিটি।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সোনারগাঁও।
দলের হয়ে হাবিবুর শেখ ছিলেন সবচেয়ে উজ্জ্বল। মাত্র ২৪ বলে ৬টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে অপরাজিত ৫৭ রান করেন তিনি। তার ঝোড়ো ইনিংসে সহজ হয়ে যায় সোনারগাঁওয়ের জয়।
জীবনও ব্যাট হাতে ভূমিকা রাখেন। মাত্র ১৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৪ রান করেন তিনি। এছাড়া মোশারফ মুলারের ব্যাট থেকে আসে ১৯ রান। নর্থ সাউথের হয়ে শাবাব ২টি উইকেট নেন। তবে সোনারগাঁওয়ের ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় কোনো বাধা হয়ে উঠতে পারেনি এনএসইউর বোলাররা।
এর আগে ব্যাট করতে নেমে নর্থ সাউথ ইউনিভার্সিটি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন ফারজান আহমেদ। ৩৯ বলের ইনিংসে একটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। নিয়ন ইয়াছিনের ব্যাট থেকে আসে দ্রুতগতির ৩১ রান। মাত্র ১৩ বলে খেলা তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
এছাড়া রাইয়ান হায়দার ১২, আহনাফ তাহমিদ ১২ এবং মুশরাফি সরকার ১১ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ১০ রান। তবে সোনারগাঁওয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি নর্থ সাউথ।
বল হাতে সোনারগাঁওয়ের হয়ে সবচেয়ে সফল ছিলেন নিরু। তিনি শিকার করেন ৩টি উইকেট। জীবনও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় তুলে নেন ২ উইকেট। এছাড়া এফ মুন্সি ও হোসেন একটি করে উইকেট পান।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করেছে সোনারগাঁও ইউনিভার্সিটি। পুরো পর্বে অপরাজিত থেকে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করায় তাদের সেমিফাইনালে ওঠাও নিশ্চিত হয়েছে। একই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।






