জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার ইতিমধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং একটি স্বয়ংসম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা ও শক্তিশালী ভ্যালু চেইন গড়ে তোলাই সরকারের লক্ষ্যে।
আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত ‘সাসটেইনেবিলিটি ডে ২০২৬ : নিউ ফ্রন্টিয়ার্স ফর গ্রোথ’ শীর্ষক সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন।
জাতীয় জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশে নিজস্ব গ্যাস কূপ অনুসন্ধান, নতুন এফএসআরইউ স্থাপন এবং কয়লার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে এবং আমদানির ওপর স্থায়ী নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব সম্পদের মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা সুসংহত করাই বর্তমান নীতি।
অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই পরিবেশ নিশ্চিত করতে সরকার টেকসই জ্বালানি ব্যবস্থার একটি সুস্পষ্ট রূপকল্প নির্ধারণ করে কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, নবায়নযোগ্য ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোকে সরকার এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, যার মধ্যে সৌরবিদ্যুৎ অন্যতম। এই লক্ষ্যে বাস্তবায়নে দ্রুত সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে।
সৌরবিদ্যুতের পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি জানান, শিল্পবর্জ্য, অপরিশোধিত পানি ও রাসায়নিক বর্জ্যকে কার্যকর উপযোগিতায় রূপান্তর করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস ও পুনর্ব্যবহারযোগ্য পানি উৎপাদন করা সম্ভব।
মাহদী আমিন বলেন, বর্জ্যকে কেবল ফেলে দেওয়া বা অপসারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করাই বৈশ্বিক আধুনিক পদ্ধতি। পরিবেশবান্ধব এই রূপান্তর প্রক্রিয়া দেশের প্রতিটি শিল্পখাতে সফলভাবে সন্নিবেশিত করতে হবে।
পোশাক খাতকে দেশের অর্থনীতির মূল প্রাণশক্তি উল্লেখ করে তিনি বলেন, এই খাতের ঐতিহাসিক উত্তরাধিকার নিয়ে সরকার অত্যন্ত গর্বিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে এই খাতের সূচনা হয়েছিল। শিল্প বিকাশ ও সুরক্ষায় সেই নীতিগত সুবিধার সমৃদ্ধ ঐতিহ্যকে ধারণ করেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
রপ্তানি বাস্কেট সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের তাগিদ দিয়ে এ উপদেষ্টা বলেন, সামষ্টিক অর্থনীতির অগ্রগতি ধরে রাখতে হলে পোশাক পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং এর পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় রপ্তানি খাতের বিকাশ ঘটাতে হবে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীলতার মাধ্যমে শিল্পকে স্বাবলম্বী করে তুলতে সরকার সব ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মান অর্থবহ ও মর্যাদাপূর্ণ করার ওপর জোর দেন মাহদী আমিন। এ ছাড়া পোশাক শিল্পে লাখ লাখ নারীর অংশগ্রহণের মাধ্যমে সূচিত ঐতিহাসিক নারী ক্ষমতায়নের ধারাকে টেকসই করতে তাদের উপযুক্ত পরিবেশ ও অধিকার সুরক্ষার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।






