মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে দেশের প্রচলিত আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে অবশ্যই আইনের বিধিবিধান মেনে তাকে দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরেও তার আপিল করার সুযোগ থাকবে কি না, তা নিয়ে পূর্বে ঘটে যাওয়া আবুল কালাম আজাদের (বাচ্চু রাজাকার) মামলার দৃষ্টান্তেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায় ঘোষণার পর নির্দিষ্ট সময়সীমার (৩০ দিন) মধ্যে আসামি সশরীরে উপস্থিত হয়ে আপিল না করলে পরবর্তীতে আপিল করার আর আইনি সুযোগ থাকে না।
শেখ হাসিনাকে ফেরত আনার আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল আরো বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর পুরো প্রক্রিয়াটি মূলত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইতিমধ্যেই সব আইনি ও প্রশাসনিক দিক পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।
সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা যুক্তরাজ্যভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়ে নতুন ট্রাভেল ডকুমেন্ট/পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। গত সোমবার (৯ নভেম্বর) ওই আবেদনপত্র পাঠানোর খবর প্রকাশের পর থেকেই তার দেশে ফেরা এবং রায় কার্যকরের আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে আইন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।






