যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালানোর মামলায় সাময়িক বরখাস্ত পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ২০২২ সালের ২৯ এপ্রিল সাময়িক বরখাস্ত হন। এর আগে ৩ এপ্রিল আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান। এ সময় তিনি বরগুনার তালতলী থানায় কর্মরত ছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ মে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়ার বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামে। আর রফিকুলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামে।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তানিয়া আরেফিনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রফিকুল ইসলাম। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তার ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে লোহার রড ও ইট দিয়ে আঘাত করে তার নাকের হাড় ভেঙে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে এই রায় দেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং ১১(গ) ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়েছে। আদালত জানিয়েছে, উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে।






