ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রম করেনি আইন-শৃঙ্খলা বাহিনী। কিন্তু আমাদের এই উদারতার সুযোগ নিতে শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি।
তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।
লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।






