সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে।
নুসরাতের গ্রামের বাড়িতে হামলা নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
তিনি লিখেন, জুলাই এর উপর যেকোনো আঘাত জুলাইকেই শক্তিশালী করে এবং সামনেও করবে। নুসরাতের বাড়িতে হামলা-আগুন, আবারও প্রমাণিত করে অন্য কারো না, জুলাই এর হাতেই আওয়ামী লীগের পতন হয়েছে। এই ইতিহাস স্থায়ী হয়ে গেছে।
জুলাই এর পরের পাওয়া না পাওয়া, সেটা আরেক অধ্যায়। সেটার হিসাব, হিস্যা চলছে-চলবে কিন্তু যারা এই জুলাই সফল করে ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের অবসান ঘটালো, নিশ্চিতভাবে তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
মাত্র ৭টা ককটেল বিস্ফোরণে দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না বলে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিস্থিতি হালকা করার বক্তব্যের পরেরদিন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন! কি হলে এই আগুন সন্ত্রাসকে সরকার গুরুত্বের সাথে নিবে সেটারও একটা থ্রেসল্ড থাকলে ভালো হতো।
আমরাও জানি, আপনারাও জানেন কোন সংবিধান না, মানুষের জীবনের বিনিময়ে আপনারা আজকে ক্ষমতায়। জুলাই এর বিনিময়ে আপনারা ক্ষমতায়। নিজেদের সুরক্ষিত রাখতে হলে জুলাইকে সুরক্ষা দিতেই হবে।






