জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এক নারী। আজ বৃহস্পতিবারও তাকে সেখানে অবস্থান করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর পাশ দিয়ে গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ।
এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ওই নারী নো ম্যানস ল্যান্ডে (শূন্যরেখায়) অবস্থান নেন। সেই থেকে তীব্র রোদ ও খোলা আকাশের নিচে দিন-রাত কাটছে তার।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম শেখ বলেন, একজন নারী গত তিন দিন ধরে খোলা মাঠে একা দিন-রাত কাটাচ্ছেন। বিষয়টি অমানবিক। আমরা চাই, দ্রুত এর সমাধান হোক।
আরেক বাসিন্দা ছমিরন বলেন, আমরা দুদিন ধরে তাকে পানি ও রুটি দিয়ে বাঁচিয়ে রেখেছি। তিনি যে দেশেরই হোন, আলোচনা করে বিষয়টির সমাধান করা প্রয়োজন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিহত করে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।
তিনি আরও বলেন, ওই নারী ভারত থেকে এসেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।






