সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল বাস্তবায়নের সময়ে সরকারি কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
গত ১১ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত যেসব সরকারি কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, তারা ছুটিতে যাওয়ার মাসে যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সেই পরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে পাবেন।
এ ক্ষেত্রে সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে সংশ্লিষ্ট কর্মচারীর আহরিত মূল বেতন বিবেচনায় নেওয়া হবে। তবে পে-ফিক্সেশনের (বেতন নির্ধারণ) ফলে পরবর্তী সময়ে নির্ধারিত বেতন-এ ভাতা হিসাবের ভিত্তি হিসেবে গণ্য হবে না।
প্রজ্ঞাপনে আরও স্পষ্ট করে বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করলে পরবর্তী সময়ে বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশনের কারণে এ খাতে কোনো বকেয়া অর্থ দাবি করতে পারবেন না।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা এক স্মারকের নির্দেশনার ধারাবাহিকতায় নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছিল, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সে মাসে আহরিত তার মূল বেতনের সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে প্রাপ্য হবেন।
যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নতুন নির্দেশনার ফলে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়া সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণের ক্ষেত্রে বেতন বাস্তবায়নজনিত জটিলতা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






