শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

হাজার প্রদীপের আলোয় বারদী আশ্রমে যা দেখবেন, যেভাবে যাবেন

হাজার প্রদীপের আলোয় বারদী আশ্রমে যা দেখবেন, যেভাবে যাবেন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:২৫ পিএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৬:২৫ পিএম
হাজার প্রদীপের আলোয় বারদী আশ্রমে যা দেখবেন, যেভাবে যাবেন

নারায়ণগঞ্জের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির। সন্ধ্যা নামতেই ঘিয়ের প্রদীপের আলোয় ঝলমল করে উঠল পুরো প্রাঙ্গণ। সারি সারি প্রদীপের মিটিমিটি আলোয় তৈরি হয়েছিল এক অপূর্ব দৃশ্য। হাজারো মানুষ একসঙ্গে বসেছেন প্রার্থনায়। কারও কামনায় প্রিয়জনের সুস্থতা, কারও চাওয়া পরিবারের নিরাপত্তা ও মঙ্গল। জ্বলতে থাকা প্রতিটি প্রদীপ যেন বয়ে নিয়ে যাচ্ছে কারও না কারও একান্ত কামনা।

ভ্রমণের প্রতি আগ্রহ থেকেই রাখের উপবাসের আয়োজন দেখার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। গত শনিবার অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। ঢাকার কাছেই নারায়ণগঞ্জের বারদীতে গিয়ে নিজের চোখে দেখলাম এই আয়োজন। ভেবেছিলাম, সুন্দর একটা ধর্মীয় অনুষ্ঠান দেখব। কিন্তু সেখানে গিয়ে যে অভিজ্ঞতা হলো, তা আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

ঢাকা থেকে বারদী পৌঁছাতে আমাদের প্রায় দুই ঘণ্টা লেগেছে। গুলিস্তান থেকে বাসে প্রথমে মোগরাপাড়া যাই। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় পৌঁছাই বারদীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে।

শেষ পথটুকু যেতে হয়েছে গ্রামীণ নিরিবিলি রাস্তা ধরে। চারপাশের শান্ত পরিবেশ দেখে বোঝার উপায় ছিল না, সামনে এত বড় আয়োজন অপেক্ষা করছে। কিন্তু আশ্রমের কাছে পৌঁছাতেই দৃশ্যপট বদলে গেল। হাজারো মানুষ সেখানে জড়ো হয়েছেন। সারি সারি হয়ে বসে প্রার্থনার প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা।

জুতা খুলে আমরা পাশের ভবনের দিকে গেলাম। ওপর থেকে পুরো আয়োজন দেখার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত ভবনটির তৃতীয় তলায় একটা জায়গা পেলাম। সেখান থেকে আশ্রমের পুরো প্রাঙ্গণ বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল।

নিচে তাকিয়ে দেখলাম, ভক্তরা গভীর মনোযোগের সঙ্গে প্রার্থনা করছেন। কেউ ছবি তুলছেন, কেউ আয়োজনের নানা দিক ঘুরে দেখছেন। আলোকচিত্রীদেরও ব্যস্ততা চোখে পড়ল। সবচেয়ে অবাক হয়েছি বিদেশি দর্শনার্থীদের উপস্থিতি দেখে। শতাধিক বিদেশি পর্যটকও এসেছেন এই আয়োজন দেখতে।

যারা রাখের উপবাসের সঙ্গে পরিচিত নন, তাদের জন্য বলি। এই আয়োজন হিন্দু সম্প্রদায়ের একটি বার্ষিক ধর্মীয় আচার। কার্তিক মাসের শেষভাগে শনিবার ও মঙ্গলবার এই উপবাস পালন করা হয়। এটি কার্তিক ব্রত নামেও পরিচিত।

এদিন ভক্তরা সারাদিন উপবাস করেন। পরে মন্দিরে সমবেত হয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং প্রার্থনা করেন। প্রিয়জনের সুস্থতা, নিরাপত্তা ও মঙ্গল কামনাই এই উপবাসের অন্যতম উদ্দেশ্য।

রাখের উপবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর নাম। হিন্দু যোগী ও আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারী জীবনের শেষ সময় কাটিয়েছেন নারায়ণগঞ্জের বারদীতে।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রোগব্যাধি ও বিপদ থেকে প্রিয়জনদের রক্ষার প্রার্থনা হিসেবে তিনি অনুসারীদের উপবাস পালন ও প্রদীপ জ্বালানোর পরামর্শ দিতেন। তার শিক্ষা ও স্মৃতি ধরে রেখেছে বারদী আশ্রম। সেই টানেই প্রতিবছর এখানে ছুটে আসেন অসংখ্য ভক্ত।

এই আয়োজনের একটি বিশেষ দিক হলো প্রার্থনার প্রস্তুতি। ভক্তরা সঙ্গে নিয়ে আসেন প্রদীপ, তুলার সলতে, ঘি, ফুল ও ফল। হাজারো মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন, প্রত্যেকের মনে প্রিয়জনের ভালো থাকার আকাঙ্ক্ষা। এত মানুষের আলাদা আলাদা চাওয়া যেন এক জায়গায় এসে মিশে গেছে।

বিকেলের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই আশ্রমের পরিবেশ বদলে গেল। কিছুক্ষণ আগেও যে প্রাঙ্গণ মানুষের ভিড়ে মুখর ছিল, সেটাই পরিণত হলো প্রদীপের আলোয় আলোকিত এক বিশাল প্রাঙ্গণে। শত শত ছোট ছোট শিখা চারপাশে ছড়িয়ে দিল সোনালি আভা। সন্ধ্যার বাতাসে ভেসে বেড়াচ্ছিল প্রদীপের ধোঁয়া। আশ্রমের ওপর দিয়ে চক্কর দিতে থাকা কবুতরগুলোও একসময় ছাদের বিভিন্ন জায়গায় গিয়ে বসতে শুরু করল।

এরপর চারপাশে শোনা গেল ঘণ্টার শব্দ, ভক্তিগীতি ও মন্ত্রপাঠ। নারীদের উলুধ্বনিতে মুখর হয়ে উঠল পরিবেশ। কেউ বাবা লোকনাথের নাম জপ করছেন, কেউ চোখ বন্ধ করে নীরবে প্রার্থনায় মগ্ন। আবার কেউ ভক্তিগীতির সঙ্গে তাল মেলাচ্ছেন।

এতক্ষণ তৃতীয় তলা থেকে পুরো আয়োজন দেখছিলাম। আকাশ ক্রমেই অন্ধকার হয়ে আসছিল, আর প্রদীপের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। একসময় সিদ্ধান্ত নিলাম, নিচে নেমে কাছ থেকে পুরো আয়োজন দেখব।

নিচের দৃশ্য আমাকে আরও মুগ্ধ করল। সারি সারি বসে থাকা ভক্তদের সামনে জ্বলছে প্রদীপ। কেউ হাত জোড় করে প্রার্থনা করছেন, কেউ ভক্তিগানের তালে তালি দিচ্ছেন। কারও মাথা গানের ছন্দে ধীরে ধীরে দুলছে। মনে হচ্ছিল, সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেছে। সবাই মিলে অংশ নিচ্ছেন নিজেদের চেয়ে অনেক বড় এক বিশ্বাসের আয়োজনে।

ফেরার পথে আশ্রমের আশপাশে চোখে পড়ল বেশ কিছু অস্থায়ী মিষ্টির দোকান। নানা আকারের ও ধরনের সন্দেশ সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। পাশাপাশি ছিল পূজার সামগ্রী, প্রদীপ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দোকান। আশ্রমের বাইরেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

সেদিন অনেক ছবি তুলেছি। কিন্তু কোনো ছবিতেই পুরো অভিজ্ঞতা ধরে রাখা সম্ভব হয়নি। হাজারো প্রদীপের আলো, মানুষের প্রার্থনা, ঘণ্টা ও উলুধ্বনি আর ভক্তিগীতির সম্মিলিত আবহ, সব মিলিয়ে সন্ধ্যাটা ছিল একেবারে অন্য রকম।

রাখের উপবাসের আয়োজন আমাকে বিশ্বাস ও ভক্তির সুন্দর একটা দিক দেখিয়েছে। কিছু অভিজ্ঞতা শুধু ছবির ফ্রেমে আটকে রাখা যায় না। বারদীর সেই সন্ধ্যা আমার কাছে ছিল তেমনই একটা অভিজ্ঞতা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ