ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি দেশে ফিরতে পারবেন কিনা—এ নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট অধ্যাপক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে গেছেন। যে তিনি যদি আসতেও পারেন, বাংলাদেশের মানুষ যদি সমস্ত কিছু ভুলে যায় যে তিনি যে ব্যাপক হত্যা করেছেন, ব্যাপক গুম খুন করেছেন, তাহলে তিনি আবার আসবেন। কিন্তু আমার মনে হয় না ব্যক্তিগত বিশ্বাসের কথা বলছি, তিনি আগে যদি আসতেও পারেন, সেই তার টাকা থাকতে পারে, ধনিক শ্রেণীর সমর্থন থাকতে পারে, পাশের দেশের সমর্থন থাকতে পারে। কিন্তু যে কায়দায় তিনি একবার স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেটা কখনো পারবেন বলে মনে হয় না।
তিনি আরও বলেন, ‘যদি বাংলাদেশের মানুষের মধ্যে তাদের আত্মগরিমা বা তাদের আমি বলি আত্মমর্যাদা বোধ থাকে, এটা সম্ভব হবে না। তবে রাজনীতি সামনে জটিল হতে চলেছে এটা নিঃসন্দেহে বলা যায়। আরও জটিল হবে, কারণ কথা হচ্ছে গিয়ে এটা কেন পারছে মানে সত্যি করে বলতে গেলে বর্তমান সরকার সবসময় নয় বেশিরভাগ সময়ই বিভিন্ন ভুল পদক্ষেপ নিচ্ছেন। এইগুলির কারণেই হয়তো এই পরিস্থিতির উদ্ভব হচ্ছে।
গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, পরিবর্তনের পর একটি সম্মিলিত রাজনৈতিক ফ্রন্ট বা জাতীয় সরকার গঠন করা প্রয়োজন ছিল। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ছিল বড় ত্রুটি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাহলে এটা থেকে রোধ হতে হলে যেটা দরকার ছিল মানে বিপ্লবের পরে একটা সম্মিলিত ফ্রন্ট গঠন করা আমি মনে করছিলাম এটা জাতীয় সরকার হবে। অর্থাৎ এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমরা একা শাসন করব না। কিন্তু এই যে পরিবর্তন পরবর্তী যে একটা ইউনাইটেড ফ্রন্ট করার কথা ছিল সেটা তারা করতে ব্যর্থ হলেন। এটা আমি মনে করি তাদের সবচেয়ে বড় ত্রুটি। বিপ্লব পরবর্তী একটা ঐক্য সরকার লাগে।
১৯৭২ সালে সরকার গঠনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কিন্তু এই যে ১৯৭২ সালে শেখ সাহেব যে ভুলটা করে তিনি শুধু আওয়ামী লীগ সরকার করলেন অথচ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেনি আমি বলব আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করেই নাই। অন্য মানুষ আর মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের পর তিনি বললেন তার যে ব্যক্তিত্ব এবং ক্যারিশমা যে তোমরা অস্ত্র জমা দাও। আ স ম আব্দুর রব বললেন আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেইনি। মনে আছে না?
টকশোর হোস্ট নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে উল্লেখ করে সলিমুল্লাহ খান বলেন, ‘এখনো তো একই কথাই হলো। যে ফর এক্সাম্পল আপনি (মাহমুদুর রহমান মান্না) এসে টক শো করছেন কেন এখন? আপনি তো সবসময়ই বিপ্লবে ছিলেন জীবনের ঝুঁকি নিয়েছিলেন সব সময়। কিন্তু আপনাকে শুধু টক শো হোস্ট হিসেবে দেখছি। আমি ব্যক্তিগতভাবে খুশি কিন্তু জাতি খুশি না তাতে। আপনার তো সরকারে থাকা উচিত ছিল।
এ ছাড়া ২০২৪ সালের আওয়ামী লীগের পরাজয়ের পেছনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার রাজনৈতিক ভূমিকার প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, মুক্তিযুদ্ধে তৎকালীন সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ ও অন্যান্য সশস্ত্র বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগ ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল বলেও সমালোচনা করেন তিনি।






