নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক মো. মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) রাতে মোহাম্মদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
এদিকে, ইয়াবাসহ আটকের ঘটনায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে সুবর্ণচর উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্যসচিব নুরুল হুদা এ সিদ্ধান্ত কার্যকর করেন। উপজেলা শনিবার রাতে যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।






