সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে ‘আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫’-এর কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা সংশোধন করেছে সরকার। গত ২২ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-০৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সরকারি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি ব্যক্তির সেবা ক্রয় করতে পারবে। এ ছাড়া অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত কোনো বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান থেকেও সেবা নেওয়া যাবে। তবে নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ থাকছে না।
চুক্তি ও সেবাকর্মী পরিবর্তনে নিয়ন্ত্রণ
সংশোধনীতে ‘সেবা সরবরাহকারী’র সংজ্ঞাও পরিবর্তন করা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, আউটসোর্সিংয়ের জন্য নির্ধারিত সেবা সম্পাদনের উদ্দেশ্যে সেবা ক্রয়কারীর সঙ্গে চুক্তি সম্পাদনকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানকে সেবা সরবরাহকারী হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি ‘আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি’ বলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক গঠিত কমিটিকে বোঝানো হয়েছে।
সেবাকর্মীদের ছুটি, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও অন্যান্য বিষয় সেবা ক্রয়কারী ও সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। তবে সেবাকর্মী পরিবর্তনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সেবা সরবরাহকারী বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান কোনো সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না সেবা ক্রয়কারীর অনুমোদন ছাড়া।
আউটসোর্সিং সেবার পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। চুক্তিভুক্ত সেবার বিপরীতে সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাক্ত অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ব্যক্তিগত চ্যানেলে অর্থ পরিশোধ করতে হবে। চুক্তির শর্ত ভঙ্গের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।
অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি কাজে গতিশীলতা আনয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সরকারি ব্যয় হ্রাস এবং মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এসব সংশোধন আনা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশোধিত আদেশ অবিলম্বে কার্যকর হবে।




-69b171500858f-6ab4033709301.webp)