ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ফ্যাশন মেলা ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে মঞ্চ। এবারের আয়োজনে অভিষেকেই সবার নজর আছে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ওপর। তিনি পরেছেন অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর বিশেষ অফ-দ্য-রানওয়ে গাউন।
স্বচ্ছ কালো লেসে তৈরি মেঝেছোঁয়া গাউনটিতে ফুলের সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলেল অ্যাপ্লিকে, সারফেস এমবেলিশমেন্ট, বিড ওয়ার্ক এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজ মিলিয়ে ফ্যাশনের আধুনিকতা ও নাটকীয়তার এক অনন্য মেশ্রণ তৈরি করা হয়েছে। স্লিভলেস ও হাই-নেক নকশার পোশাকটির সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট, যা পোশাককে দিয়েছে আলাদা মাত্রা।
গাউনের বিশদ নকশা তৈরি করতে ডিজাইনারের স্টুডিওতে লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা। কালো লেসের ওপর বিভিন্ন ধরনের সূক্ষ্ম কাজ ও সারফেস এমবেলিশমেন্ট ব্যবহার করা হয়েছে। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক এবং গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলার পোশাকের গ্ল্যামার ও আভিজাত্যকে আরও বাড়িয়েছে।
পোশাকের কারুকাজই যেহেতু ছিল রাশমিকার সাজের প্রধান আকর্ষণ, তাই গয়নায় রাখা হয়েছে মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন তিনি। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে তাঁর সামগ্রিক লুককে সম্পূর্ণ করেছে। একটি গুচির ব্যাগও ছিল সাজের সঙ্গে।
ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্যকে উদ্যাপনের পাশাপাশি নতুন ফ্যাশনের ধারা তুলে ধরেছে এবারের আয়োজন। রেনেসাঁর অলংকরণ, শিল্পবিপ্লব এবং ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যনির্ভর ডিজাইনের কাজ পর্যন্ত বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে সাজানো হয়েছে ভোগ ওয়ার্ল্ড। এই আন্তর্জাতিক মঞ্চে ডিজাইনারের তৈরি জটিল কারুশিল্পে সাজানো কালো গাউনে রাশমিকা স্বতন্ত্র স্মরণীয় ছাপ রেখে গেছেন।






