ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে বসেছে আন্তর্জাতিক ফ্যাশন মেলা ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তারকাদের উপস্থিতিতে জমে উঠেছে মঞ্চ। এবারের আয়োজনে অভিষেকেই নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা।
অনামিকা খান্নার বিশেষ নকশা
রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অফ-দ্য-রানওয়ে পোশাক। স্বচ্ছ কালো লেসের ওপর ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজে তৈরি এই গাউনে আধুনিকতার সঙ্গে মিশেছে নাটকীয়তা। ডিজাইনারের স্টুডিওতে পোশাকটি তৈরিতে সময় লেগেছে প্রায় ৩৫০ ঘণ্টা।
স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া গাউনটির সিলুয়েটে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলকে যুগ হয়েছে গ্ল্যামারের আবহ। গলার কাছে ক্রিস্টাল-স্টাডেড কলার থাকায় হাই-নেক ডিজাইনটি আরও বেশি আকর্ষণীয় হয়েছে। কালো লেসের ওপর সূক্ষ্ম এমব্রয়ডারি, ফুলের অ্যাপ্লিকে ও বিভিন্ন সারফেস এমবেলিশমেন্টের সমন্বয়ে তৈরি হয়েছে জটিল নকশা।
মিনিমাল গয়নায় সম্পূর্ণ সাজ
পোশাকের নকশাই প্রধান আকর্ষণ হওয়ায় রাশমিকা গয়নায় মিনিমাল টাচ রেখেছেন। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন তিনি। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে তাঁর লুকে যুগ হয়েছে সামগ্রিক নাটকীয়তা। সঙ্গে ছিল গুচির ব্যাগ।
ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদযাপনকে সামনে রেখে সাজানো হয়েছে ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’। রেনেসাঁর ঐতিহাসিক অলংকরণ, শিল্পবিপ্লব এবং ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস থেকে ভবিষ্যতের ফ্যাশন—বিভিন্ন ধরনের ধারার একই মঞ্চে উপস্থাপন করা হয়েছে। এই আন্তর্জাতিক ফ্যাশন পর্দায় ভারতীয় ডিজাইনারের তৈরি ৩৫০ ঘণ্টার কালো গাউনটি রাশমিকার ব্যক্তিত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরেছে।





