মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ভাড়ায় মারামারি করতে এসে মো. তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালের এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তাইজুল আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আলোচিত মানিক সরদার হত্যা মামলার আসামি এবং তিনি জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০-১২ জন যুবক ভাড়ায় এসে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫ জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় তাইজুল। পরে গণধোলাইয়ের শিকার হয়ে তার মৃত্যু হয়।
এদিকে নিহত তাইজুল দীর্ঘদিন যাবত আলীনগরে তার দলবল নিয়ে ভাড়ায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা ও লুটপাট করে আসছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
নিহতের পরিবারের দাবি— তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। নিহতের ভাই ও তার পরিবার অভিযোগ করে বলেন, তাইজুল সরদারকে মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে হত্যা করেছে। তারা মিলন সরদারসহ সব অভিযুক্তের ফাঁসি দাবি করেন। এ বিষয়ে অভিযুক্ত মিলন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম ডেইলি বরিশাল-কে জানান, হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।



