বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনিম দিশাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা আছে।
এর আগে সকালে ঢাকার কাফরুল এলাকার বাসা থেকে দিশাকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং উত্তরা এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তকারীরা জানতে পেরেছেন যে, ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে দিশাকে নিয়ে উত্তরার 'নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে' গিয়েছিলেন তাহসিফ। ওই সন্ধ্যায় তারা 'সিপি ফাইভ স্টার স্ন্যাকসে' খাবার খান।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তদন্তকারীরা আরও দেখতে পান যে, তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজেও গিয়েছিলেন দিশা। ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়, প্রধান সন্দেহভাজন আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে রিমান্ডে রয়েছে। দিশা ও দীপের বক্তব্য 'ক্রসচেক' করা প্রয়োজন।
এছাড়া, তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে তার একাধিকবার কথা বলার তথ্য-প্রমাণ আছে।


