রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

হাতীবান্ধা সীমান্তে চিতা বাঘের আক্রমণে আহত ৩, ধানখেতে ঘিরে রেখেছে পুলিশ-বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে চিতা বাঘের আক্রমণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। বিজিবি ও পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে একটি ধানখেতে বাঘটিকে ঘিরে রেখেছে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:২৩ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:২৩ পিএম
হাতীবান্ধা সীমান্তে চিতা বাঘের আক্রমণে আহত ৩, ধানখেতে ঘিরে রেখেছে পুলিশ-বিজিবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তে চিতা বাঘের আক্রমণে এক নারী ও দুই কৃষক আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে একটি ধানখেতে বাঘটিকে ঘিরে রেখেছেন। বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ডেইলি বরিশাল-কে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

‘বিজিবি সদস্যরা জানিয়েছেন, চিতা বাঘটি এখনো ধানখেতের ভেতর রয়েছে,’ বলেন তিনি। মেহেদী ইমাম জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ‘ধারণা করা হচ্ছে, চিতা বাঘটি ভারতের জঙ্গল থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে,’ যোগ করেন তিনি।

বাঘের আক্রমণে আহত তিনজন বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন, আমঝোল গ্রামের সহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩২), একই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে আফসার উদ্দিন (৪২) ও নজরুল ইসলাম (৪৫)।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফা বেগম বলেন, ‘আমার ছাগলটি ধানখেতের পাশেই ছিল। ছাগলটির কাছে যেতেই চিতা বাঘটি আমার ওপর আক্রমণ করে।’ আহত আফসার উদ্দিন জানান, তিনি ও তার ভাই পাশেই জমিতে কাজ করছিলেন। ‘শরিফা বেগমের চিৎকারে ছুটে গেলে চিতাটি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর অনেক মানুষ একসঙ্গে এগিয়ে এলে বাঘটি ধানখেতে লুকায়,’ বলেন আফসার।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, এলাকাবাসী লাঠিসোঁটা ও ছোড়া-বল্লম নিয়ে ধানখেতের চারদিক ঘিরে রেখেছে। সবার টর্চ জ্বালাচ্ছেন, যাতে চিতা বাঘটি পালিয়ে যেতে না পারে। গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা ডেইলি বরিশাল-কে জানান, চিতা বাঘটি ধানখেতের ভেতরই অবস্থান করছে।

‘ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কেউ চিতা বাঘের দিকে ছুটে না যায়,’ বলেন মেহেদী ইমাম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ