নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে খুঁজতে গিয়ে ১২ বছরের এক কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে শহরের খানপুর হাসপাতালে অজ্ঞাত লোকজন তাকে রেখে যায়। এদিন বিকালে শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় এবং কোনো অভিভাবক না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা থানা-পুলিশকে বিষয়টি জানায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শিশুটি শুধু বলতে পেরেছে তার বাড়ি নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায়। বাড়ি থেকে ছোট বোনকে খুঁজতে বের হয়ে সে ফতুল্লার চাঁনমারী এলাকায় চলে আসে। তখন রাত কয়টা বাজছিল, তা সে বলতে পারেনি। এরপর চাঁনমারী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি ছোট বোনকে খুঁজে বের করে দেওয়ার কথা বলে তাকে ইজিবাইকে উঠিয়ে শিশু মার্কেট এলাকায় নিয়ে যায়। সেখানে অজ্ঞাত স্থানে শিশুটিকে গণধর্ষণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে কে বা কারা তাকে খানপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটির অভিভাবককে না পেয়ে শুক্রবার বিকালে থানায় জানান।
ওসি আরও জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। পুলিশ পাঠিয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



