রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

আপনি কি আবার ৫ আগস্ট দেখতে চান? প্রশ্ন মুফতি আমির হামজার

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা দৌলতপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেন, বিগত ১৫ বছরের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আগস্ট আবার আসবে। তিনি ডিলার নিয়োগে সংসদ সদস্য বাদ দেওয়ার অভিযোগে জেলা প্রশাসকের প্রতি তীব্র সমালোচনা করেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ পিএমসর্বশেষ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ পিএম
আপনি কি আবার ৫ আগস্ট দেখতে চান? প্রশ্ন মুফতি আমির হামজার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজা।

আমির হামজা বিগত ১৫ বছরে যা দেখেছেন, বর্তমানে তারই পুনরাবৃত্তি ঘটছে, এমন তীব্র মন্তব্য করেন। তিনি কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) প্রতি সরাসরি সমালোচনা করে অভিযোগ করেন, রোববার সারের ডিলার নিয়োগের বিষয়ে সংশ্লিষ্টদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয়েছিল। প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও, এ কার্যক্রমে সংসদ সদস্যকে বাদ দিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি দলের লোকজন ছাড়া অন্য কেউ যাতে ডিলার হিসেবে নিয়োগ না পান, এমন আলোচনা হয়েছে।

আমির হামজা সতর্ক করে বলেন, আপনারা কি আবার ৫ আগস্ট দেখতে চান? এমন করলে কিন্তু আগস্ট আবার আসবে। মানুষ এখন আর মান্ধাতা আমলের নেই, মানুষ এখন অনেক সচেতন। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে সংশ্লিষ্টদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে অবহিত করার কথাও জানান তিনি।

চাঁদাবাজির বিষয়েও বক্তব্য দেন আমির হামজা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাদের যদি দেশে ফিরান, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। গত আড়াই বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাউকে মিথ্যা মামলা দেওয়া বা হয়রানি করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, যারা মামলা দিয়ে বাণিজ্য করেছে, ভবিষ্যতে তারাই বিপদে পড়বে। বক্তব্যে অতীতে দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে আমির হামজা বলেন, এতদিন আমাদের ওপর যারা জুলুম-অত্যাচার করেছে, তারা এখন তা টের পাচ্ছে।

দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর সাবেক কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার, জেলা সাহিত্য সম্পাদক ও ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. নুরুল আমিন জসিম, দৌলতপুর উপজেলা নায়েবে আমির আরজুল্লাহ, সাধারণ সম্পাদক ড. আব্দুল্লাহ আল নোমান, আহসান হাবিব বুলবুল, সাবেক সভাপতি এনামুল হক এবং চেয়ারম্যান প্রার্থী খাজা উদ্দিন। এ ছাড়া স্থানীয় জামায়াতে ইসলামীর সদস্য, রোকন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ