বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি সরবরাহ লাইন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে জ্বালানি ঠিকমতো দেশে আসছে এবং সরবরাহের শিডিউলও ঠিক করা হয়েছে।
মন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, ইরান-ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে জ্বালানি কিনে আনার পরও তা দেশে পৌঁছানো সম্ভব হয়নি। এই বাধা কাটিয়ে ওঠতে বিকল্প উৎস অন্বেষণে কিছু সময় লেগেছে।
এফএসআরইউতে অগ্নিকাণ্ডেও বিলম্ব
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও জানান, জ্বালানি সংগ্রহে বিলম্বের অন্যতম কারণ ছিল ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিটে (এফএসআরইউ) আগুন লাগা। তিনি বলেন, বিকল্প উৎস খুঁজে বের করার পরও জ্বালানি দেশে আনা সম্ভব হওয়ার আগে এই দুর্ঘটনার মধ্যে পড়তে হয়েছিল।
সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ায় জনগণের ভোগান্তি কমানোর লক্ষ্যে সরকার কাজ করেছে বলে দাবি করেন তিনি। বেশি দামেও বিকল্প উৎস থেকে গ্যাস আনা হয়েছে। ভবিষ্যতে আর কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
একই সঙ্গে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সংশ্লিষ্টরা দলগতভাবে কাজ করে দ্রুত সমাধানে ভূমিকা রেখেছেন। এ ধরনের সাময়িক পরিস্থিতি বিশ্বের বিভিন্ন অঞ্চলেও তৈরি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সামনে আর সমস্যা না হলে আগামী দিনগুলো ভালোভাবে চালানোর সুযোগ রয়েছে।






