তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে দেশের ৪৯৫টি উপজেলায় একজন করে উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি ১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ৪৯৫ জন উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার কাজ চলছে।
তিনি আরও বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় ২৪ জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা প্রক্রিয়াধীন। আটটি ক্রীড়া বিভাগে তিনজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে সারা দেশে মোট ১১ হাজার ৮৮০টি পদ সৃষ্টি হবে।
সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা যাচাই চলছে। প্রকল্পটি অনুমোদন পেলে উন্নয়নকাজ শুরু হবে।
সংসদ সদস্য মারদিয়া মমতাজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
তিনি আরও বলেন. প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে একটি সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।






