নাটোরের সিংড়া উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ডাহিয়া ইউনিয়নের আয়েশ রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০টি বক হত্যার অপরাধে তিন শিকারিকে দুই মাস করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। একইসঙ্গে পাখি বস্তাবন্দী করে বিক্রির অভিযোগে দুজনকে সাত হাজার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পাকুরিয়া গ্রামের জনাব আলী (৩৮), বিলপাকুরিয়া গ্রামের কাহার (১৯) এবং একই গ্রামের লিটন (৩০)। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, অর্থ অনাদায়ে অতিরিক্ত সাত দিনের কারাভোগ করতে হবে।
পাখি বস্তাবন্দী করে বিক্রির অপরাধে পারসিংড়া বেদেপল্লির ভ্যানচালক আবু হানিফ (৪০) কে সাত হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলী (২১) কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত সাংবাদিকদের জানান, ‘চলনবিলে এই সময়ে বকের আনাগোনা বেড়ে যায়। এই সুযোগে এক শ্রেণির শিকারি বিলে ফাঁদ পেতে পাখি ধরে। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা করতে অবৈধ পাখি শিকারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বস্তাবন্দী করে গোপনে শহরের পারসিংড়া বেদেপল্লিতে পাখি বিক্রি করছিল একটি চক্র। আজ সকালে ওই চক্রের সদস্য ভ্যানচালক আবু হানিফের পিছু নিয়ে জবাই করা ৫০টি বক জব্দ করা হয়।



