রাজধানীর ধানমন্ডিতে শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ৬৮ বছর বয়সী আফিয়া আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর ছেলে তাহসিন আরিফকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম ডেইলি বরিশাল-কে জানান, গৃহকর্মী ও ভবনের নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তথ্যে জানা গেছে, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তাহসিন তার মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ওই নারীর মুখ ও গলায় গুরুতর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
ওসি ইমদাদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো মোটিভ বা কারণ পাওয়া যায়নি। তবে তার ছেলে আগে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



