ঢাকা, ২৮ সেপ্টেম্বর—সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে (গাজী নজরুল) দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই দফা ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম। সোমবার বিকালে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সালাউদ্দিন আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মাহবুবুল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘরের দরজা বন্ধ থাকায় সিআইডির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ঘরে কিছু চিরকুট পাওয়া যায়।
ঘটনার পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর রাতেই নজরুল ও মাকছুদাকে গ্রেফতার করে পুলিশ।






