মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ইনানীতে মাটি খুঁড়তে গিয়ে ভূগর্ভে আগুন, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে ভূগর্ভ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকার আশঙ্কা করা হচ্ছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ এএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ এএম
ইনানীতে মাটি খুঁড়তে গিয়ে ভূগর্ভে আগুন, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির ভেতর থেকে আগুনের ‘কুন্ডলি’ উৎপন্ন হয়েছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি স্থানে নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১০টায় ওই স্থানে আগুন জ্বলছে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আগুনের প্রবাহ বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক আলামিন। তিনি জানান, যেখানে আগুনের সৃষ্টি হয়েছে পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।

অন্যদিকে আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ