জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, যেসব ইসলামি দল আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাগ্রে।
শুক্রবার সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন বা সদস্য শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন। শিক্ষাশিবিরটিতে দলের স্থানীয় নেতা ও দায়িত্বশীল কর্মকর্মীরা অংশ নেন।
ডা. শফিকুর বলেন, মানুষের সঙ্গে আচরণে সম্মান প্রদর্শন এবং নৈতিক মান সংরক্ষণ করাই সংগঠনের কৌশল হওয়া উচিত। তাই সংগঠনের সব স্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারিত করে জনসম্পৃক্তি অর্জন করতে হবে। পাশাপাশি অবৈধ উপার্জনের চিন্তা থেকে দূরে থেকে ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার আহ্বানও তিনি করেন।
শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা।


