২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলি নিয়ে নেত্র নিউজের সোশ্যাল প্ল্যাটফর্মে সম্প্রতি ‘[জুলাই অনুসন্ধান] জেনারেলের দায়মুক্তি’ শিরোনামে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাহিনীটির মহাপরিচালককে ঘিরে বেশ কিছু গুরুতর অভিযোগ তুলে ধরা হয়।
প্রতিবেদনে বিজিবির গুলিতে ৮৬ জন নিহত হওয়ার দাবি, বিভিন্ন স্থানে নির্বিচারে গুলিবর্ষণ এবং ঊর্ধ্বতন পর্যায় থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার মতো বিষয় উল্লেখ করা হয়েছে।
বিজিবির দাবি, এসব অভিযোগকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন এগুলো ইতোমধ্যে বিচারিকভাবে প্রমাণিত। বাহিনীটি প্রতিবেদনের এমন উপস্থাপনাকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
বিজিবি বলেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া প্রতিটি প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার হওয়া প্রয়োজন। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় নির্ধারণের ক্ষেত্রে অভিযোগ, প্রমাণ এবং আদালতে প্রতিষ্ঠিত সত্যের মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি।
বিজিবির বক্তব্য অনুযায়ী, নেত্র নিউজের ভিডিও প্রতিবেদনে বিজিবির মহাপরিচালকের নির্দিষ্ট কোনো নির্দেশ কীভাবে, কোন মাধ্যমে এবং কোন নির্দিষ্ট মৃত্যুর ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত—তার নির্ভরযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়নি। বিজিবির অভিযোগ, এই কার্যকারণ সম্পর্ক স্পষ্টভাবে প্রতিষ্ঠা না করেই বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচিত সাক্ষ্য, ছবি এবং চলমান তদন্ত বা অভিযোগকে ধারাবাহিকভাবে উপস্থাপন করে মহাপরিচালককে ব্যক্তিগতভাবে দায়ী করার একটি ধারণা তৈরি করা হয়েছে।
বিজিবি আরও দাবি করেছে, প্রতিবেদনে একই বক্তব্য ও দৃশ্য বারবার ব্যবহারের মাধ্যমে ওই ধারণাকে জোরালো করার চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য, নেত্র নিউজের দীর্ঘ প্রতিবেদনে নতুন কোনো তথ্য, উপাত্ত বা প্রমাণ তুলে ধরা হয়নি; বরং বিভিন্ন গণমাধ্যমে আগে প্রচারিত ফুটেজ একত্র করে একটি পূর্বনির্ধারিত ও উদ্দেশ্যপ্রণোদিত বয়ান তৈরি করা হয়েছে।
এছাড়া পুরো প্রতিবেদনের বিস্তারিত ব্যাখাও বিজিবির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।



